ঢাকা | |

জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জনের। একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের সঙ্গে
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৪ সময়
জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জনের। একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে শিভু এলাকার কাছে শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বিদেশি নিবন্ধিত একটি পণ্যবাহী ট্রাক অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়।


দুর্ঘটনার পর মিনিবাসটিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে যানবাহনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দৃশ্যে দুর্ঘটনার ভয়াবহ চিত্র দেখা গেছে। পুলিশ জানিয়েছে, দুই গাড়িতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি ধর্মীয় সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। হঠাৎ ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের যাত্রা পরিণত হয় ভয়াবহ প্রাণহানিতে। জিম্বাবুয়েতে সড়কের দুরবস্থা, বেপরোয়া গাড়ি চালানো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটির সাধারণ মানুষ দৈনন্দিন যাতায়াতে ‘কমবি’ নামে পরিচিত মিনিবাস ট্যাক্সির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।


এর আগে চলতি বছরের এপ্রিলেও একটি মহাসড়কে মিনিবাসে আগুন লেগে ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই মাসে পৃথক আরেকটি দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের এক মা ও তার পাঁচ সন্তান প্রাণ হারান। নতুন এই দুর্ঘটনার পর আবারও জিম্বাবুয়ের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা