শত্রুদের মোকাবিলায় ইরানের হাতে অনেক অপ্রকাশিত সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা। তাঁর ভাষ্য, উপযুক্ত সময়ে এসব সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষ জানতে পারবে। শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে দৈনিক ইত্তেফাক।
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখনই এসব ‘বিস্ময়’ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা ঠিক হবে না। তবে ইরানের জ্ঞান, তরুণ প্রজন্ম এবং প্রতিরক্ষা শিল্পে চলমান বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বিশেষভাবে শত্রুদের সতর্ক করে বলেন, ইরানের হাতে থাকা গোপন সক্ষমতাগুলো সম্পর্কে তারা যথাসময়ে জানতে পারবে। অর্থাৎ প্রয়োজনের মুহূর্তে এসব সক্ষমতা প্রকাশ করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
এর এক দিন আগে দেওয়া আরেক বক্তব্যে মজিদ ইবনে আল-রেজা দাবি করেন, যুদ্ধক্ষেত্রে বাস্তব পদক্ষেপের মাধ্যমে ইরান ইতোমধ্যে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে। তাঁর দাবি, আঘাত করে দ্রুত সরে যাওয়া, দূরদেশ থেকে সৈন্য এনে মোতায়েন করা কিংবা শুধু হুমকি দেওয়ার সময় শেষ হয়ে গেছে। ইরান এখন নিজেদের সামরিক সক্ষমতার মাধ্যমে নতুন বাস্তবতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালালেও যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি কিংবা বিজয়ী পক্ষের অবস্থান বদলে দেওয়া সম্ভব নয়। তিনি প্রতিপক্ষকে ইরানের হাজার বছরের ইতিহাস পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়ে বলেন, ইরানি জাতির সঙ্গে সবসময় সম্মানের ভাষায় কথা বলতে হবে।
ইরানের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন দেশটির সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তেহরানও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ধারাবাহিকভাবে কঠোর বার্তা দিয়ে আসছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন