চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে একাধিক পথচারীকে আহত করার অভিযোগ উঠেছে। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে ধাওয়া করে হাটহাজারী বাজার এলাকায় থামিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। মঙ্গলবার দুপুরে হাটহাজারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িতে থাকা এক তরুণীসহ ভাঙচুরের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে গাড়িচালক পালিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়ির হারুয়ালছড়ি এলাকা থেকে লাল রঙের একটি প্রাইভেটকার চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নাজিরহাট, সরকারহাট ও মুনিয়া পুকুরপাড়সহ কয়েকটি এলাকায় অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। একই সঙ্গে আহত পথচারী ও স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া শুরু করেন। তবে চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে হাটহাজারী বাজার এলাকায় স্থানীয় জনতা গাড়িটির গতিরোধ করে আটকে ফেলে। পরে বিক্ষুব্ধ লোকজন গাড়িটিতে ভাঙচুর চালান। এ সময় চালকের আসনে থাকা তরুণ পালিয়ে গেলেও গাড়িতে থাকা এক তরুণী জনতার হাতে আটকা পড়েন। খবর পেয়ে হাটহাজারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে গাড়িতে থাকা তরুণী এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে গাড়িচালক মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। নেশাগ্রস্ত থাকার কারণেই তিনি নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ গাড়িচালককে শনাক্ত করে আটকের চেষ্টা করছে। একই সঙ্গে সড়কে আহত পথচারীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং ঘটনার পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন