রাজধানীর সরকারি মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের সংযুক্তিভিত্তিক নিয়োগকে ঘিরে অনিয়ম ও তদ্বিরের অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, প্রয়োজন না থাকলেও প্রভাব খাটিয়ে অনেক চিকিৎসক ঢাকার হাসপাতালে সংযুক্তি নিচ্ছেন। এতে একদিকে রাজধানীতে চিকিৎসকের অতিরিক্ত উপস্থিতি তৈরি হচ্ছে, অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলো বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে ভুগছে। একাধিক হাসপাতাল সূত্র জানায়, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো হাসপাতালে চিকিৎসকের ঘাটতি দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবলের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। এরপর চাহিদা যাচাই করে নিয়োগ বা পদায়নের সিদ্ধান্ত হওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি সংযুক্তির মাধ্যমে চিকিৎসকদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, এই প্রক্রিয়ার পেছনে একটি প্রভাবশালী তদ্বিরচক্র সক্রিয় রয়েছে। স্বাস্থ্য প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও এই অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। যদিও এমন অনিয়ম কেবল বর্তমান সময়েই নয়, আগের সময়েও ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, রাজধানীর বাইরে মেডিসিন, সার্জারি, গাইনি ও অন্যান্য বিশেষায়িত বিভাগে বহু পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অনেক চিকিৎসক সেখানে যোগ দিলেও অল্প সময়ের মধ্যেই সংযুক্তি বা অন্য ব্যবস্থায় ঢাকামুখী হয়ে পড়েন। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সাধারণ রোগের চিকিৎসার জন্যও রাজধানীতে ছুটে আসতে বাধ্য হচ্ছেন।
এ অবস্থায় ঢাকার সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। অধিকাংশ হাসপাতালে শয্যা খালি পাওয়া যাচ্ছে না। অনেক রোগী সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করেও ভর্তি হতে পারছেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অনেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যা তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। হাসপাতাল পরিচালকদের মতে, চিকিৎসকদের কয়েক বছর রাজধানীর বাইরে দায়িত্ব পালন নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবার ভারসাম্য ফিরবে। একই সঙ্গে কার্যকর রেফারেল ব্যবস্থা চালু করা হলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপও কমবে।
এদিকে রাজধানীর অন্যতম বৃহৎ সরকারি হাসপাতালে বর্তমানে বিপুলসংখ্যক সংযুক্ত চিকিৎসক কর্মরত রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, তাদের অনেকেরই সেখানে বাস্তবিক প্রয়োজন নেই। এমনকি চিকিৎসক ও শিক্ষক সংকটে থাকা কিছু মেডিক্যাল কলেজ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্য হাসপাতালে সংযুক্তি দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সংযুক্ত চিকিৎসকদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপ্রয়োজনীয় সংযুক্তি বাতিল করে সংশ্লিষ্ট চিকিৎসকদের রাজধানীর বাইরে পদায়ন করা হবে।
অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. সুমন নাজমুল জানিয়েছেন, সরকারি মেডিক্যাল কলেজগুলোর জন্য শিক্ষকদের একটি বড় নিয়োগ তালিকা চূড়ান্ত হয়েছে। শিগগিরই সেই তালিকা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন