জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে সবসময় সামনে রাখতে হবে। এ বিষয়ে সমালোচনাকে গুরুত্ব না দিয়ে আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানান তিনি। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা মিতু বলেন, জুলাইয়ের ঘটনাগুলোকে কেন্দ্র করে সমালোচনা করা হলেও শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার মোদিবিরোধী আন্দোলনে নিহতদের কথাও স্মরণে রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার, গুম কমিশন গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর মর্যাদা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তার ভাষ্য, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তাদের রাজনৈতিক অবস্থান। অনলাইনে নারী নেত্রীদের বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডে ভয় না পেয়ে তারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের এক শহীদের পরিবারের সদস্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন