ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কেবিনে বিনা অনুমতিতে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ওই ব্যক্তি খালেদা জিয়ার কেবিনের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তিনি কেবিনে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখে হাসপাতালের কর্মীরা তাকে আটক করেন। অনুমতি ছাড়াই খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করায় তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন তার নাম সুজন। ঠিকানা হিসেবে বলেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরচাঁদপুর এলাকার কথা। তার দাবি, তিনি সদরপুর উপজেলা ছাত্রদলের কর্মী। ব্যক্তিগত কাজে এভারকেয়ার হাসপাতালে এসে দলের নেত্রীকে দেখার চেষ্টা করেছিলেন।
পুলিশের বাড্ডা জোনের এসি রাজন কুমার সাহা বলেন, “আটক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। বিনা অনুমতিতে চিকিৎসাধীন রোগীর কেবিনে প্রবেশের চেষ্টা করেন তিনি। তবে তার কাছে সন্দেহজনক কিছু মেলেনি। এখন তার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে কেবিনে প্রবেশ চেষ্টার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।”
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন