বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ হয়ে নিজের প্রিয় দলের জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক ফুটবল সমর্থক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার খেলা দেখে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন ওই সমর্থক। পরে তিনি আর আর্জেন্টিনাকে সমর্থন করবেন না বলেও ঘোষণা দেন।
ঘটনার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই বিষয়টিকে ফুটবলপ্রেমীর আবেগঘন প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে অতিরিক্ত সমর্থন-উন্মাদনার উদাহরণ বলে মন্তব্য করছেন। ওই সমর্থক জানান, ভোরে ঘুম থেকে উঠে প্রিয় দলের খেলা দেখতে বসেছিলেন। কিন্তু মাঠের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি হতাশ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে এলাকার কয়েকজন আর্জেন্টিনা সমর্থক বলছেন, ফুটবল মূলত আনন্দ ও বিনোদনের খেলা। একটি ম্যাচের ফল বা দলের পারফরম্যান্সের কারণে এমন প্রতিক্রিয়া দেখানো সমর্থকসুলভ আচরণ নয়। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের প্রশ্ন, এটি কি সত্যিই স্থায়ী সিদ্ধান্ত, নাকি ক্ষণিকের আবেগ থেকে নেওয়া পদক্ষেপ? বিষয়টি নিয়ে এখনো এলাকায় নানা আলোচনা চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন