ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগুণি ছেরাজ মিয়ার বাড়ির পারুল আক্তার (৪৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার ঘরের জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখা গেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ঘরে তিনি ছাড়া পরিবারের আর কোন সদস্য ছিলেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহত পারুল আক্তার ওই বাড়ির দুবাই প্রবাসী আতাউর রহমানের স্ত্রী এবং জায়লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরীর ছোট বোন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের একমাত্র মেয়ে স্বামীর বাড়ি থেকে মাকে বারবার মোবাইলে কল দিয়ে সাড়া না পেয়ে বাবার বাড়িতে এসে ঘরের দরজা খোলা পায়। পরে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে মায়ের গলায় কাপড় প্যাঁচানো মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
নিহতের ভাই আবদুল মতিন চৌধুরী জানান, পারুলের স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকেন। ছোট ছেলে কাজের কারণে ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে সে একাই ছিলেন। ধারণা করা হচ্ছে ডাকাতি করতে আসা ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ছেলে তন্ময় বলেন, 'পূর্ব শত্রুতার জেরে আমার মাকে হত্যা করতে পারে। হত্যাকারীরা ঘরে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার মায়ের হত্যাকারীদের বিচার চাই।'
স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, 'রাত ১০টার দিকে খবর পেয়ে সাথে সাথে ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে জানাই। পরে আমি ঘটনাস্থলে এসে ঘরের সব জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখি। একটি কক্ষের মেঝেতে পড়ে ছিল পারুলের মরদেহ। এছাড়া এলাকাটি দাগনভূঞা ও ফেনী সদরের একদম সীমান্তবর্তী হওয়ায় সাম্প্রতিক সময়েও কিছু চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২ থেকে আড়াই বছর আগেও এই বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই মামলায় যারা জামিনে রয়েছেন তাদের সাথে এ ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা পুলিশ যাচাই-বাছাই করবে।'
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসিম বলেন, 'খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের কাজ চলছে।'
ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান। তিনি বলেন, 'জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত করছে।'
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন