রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠার জন্য নয়, বরং মানুষের সেবার জন্য—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করেছে এবং আজকের গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানেই গড়ে উঠেছে। সোমবার (১ জুন) রাজধানীর কলাবাগানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যা ইয়াহিয়ার শাসনব্যবস্থার মতো ছিল। তার ভাষায়, বর্তমান গণতান্ত্রিক কাঠামো জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও উদ্যোগের ফল। শেখ রবিউল আলম আরও বলেন, শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার মাধ্যমে একটি রাজনৈতিক ধারা তৈরি করেছিলেন, যার আদর্শ এখনও অনুসারীরা ধারণ করছেন। তার মতে, দেশে রাজনৈতিক সংকট ও দুর্বৃত্তায়ন এখনো পুরোপুরি শেষ হয়নি এবং এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
তিনি অতীত রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা দলগুলো জনগণের কাছে ভোট চেয়েছে, তবে বিএনপি কখনো ক্ষমা চাওয়ার রাজনীতি করেনি। তার মতে, জনগণ যখনই ভোটের সুযোগ পেয়েছে, তখন বিএনপিকে সমর্থন করেছে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের প্রতি আস্থা রাখা এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা করাই এ শাহাদাতবার্ষিকীর মূল অঙ্গীকার হওয়া উচিত।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন