ঈদ আয়োজনের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও আসছে নতুন চমক নিয়ে। বর্ণিল মঞ্চসজ্জা, জনপ্রিয় তারকাদের উপস্থিতি এবং বৈচিত্র্যময় পরিবেশনায় সাজানো হয়েছে এবারের বিশেষ অনুষ্ঠান। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে দর্শকপ্রিয় এই আয়োজন। ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে ‘আনন্দ মেলা’। গীতিকার কবির বকুলের পরিকল্পনায় এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
আয়োজকদের মতে, এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি নতুন আঙ্গিকে পরিবেশন করবেন তার জনপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। এছাড়া উপমহাদেশের আরেক খ্যাতিমান শিল্পী আশা ভোঁসলের স্মরণে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গানটি গাইবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই পরিবেশনায় নৃত্য পরিবেশন করবেন মেহবুবা মাহনূর চাঁদনী ও শাওন। সংগীত আয়োজনের আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে ফেরদৌস ওয়াহিদের পরিবেশনা। তিনি নতুনভাবে গেয়েছেন তার জনপ্রিয় গান ‘এমন একটা মা দে না’। পাশাপাশি কবির বকুলের কথায় নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল।
অনুষ্ঠানে থাকছে জমকালো নৃত্য পরিবেশনাও। ‘রূপনগরের রাজকন্যা’ গানের সঙ্গে নাচবেন সাদিয়া ইসলাম মৌ। অন্যদিকে ‘দূর দ্বীপবাসিনী’ গানের সঙ্গে যৌথ নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। এসব নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও নৃত্যভূমি। দর্শকদের অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমণি। এছাড়া জনপ্রিয় তারকাদের নিয়ে থাকছে বিশেষ কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।
হাস্যরসের পর্বে বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন ফারুক আহমেদ, শামীম জামান, মুকিত মোহাম্মদ জাকারিয়াসহ আরও অনেকে। ‘অ-মানুষ’ শিরোনামের একটি ব্যতিক্রমধর্মী স্টেজ পারফরম্যান্সেও থাকছেন অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন। গান, নাচ, কৌতুক, কুইজ এবং তারকাদের নানা পরিবেশনায় সাজানো এবারের ‘আনন্দ মেলা’ ঈদের টেলিভিশন আয়োজনে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে বলে মনে করছেন আয়োজকেরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন