বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে। শনিবার (২ মে) দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তিনি সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নানা সময় বাধা, হয়রানি, হামলা-মামলা ও মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটে, যা দুঃখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ও নৈতিকভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা তুলে ধরতে পারবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন