দুবাইয়ের বিশ্ববিখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব বড় ধরনের সংস্কার কাজের জন্য আগামী ১৮ মাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পর্যটক সংখ্যা কমে যাওয়া এবং সাম্প্রতিক আঞ্চলিক অস্থিতিশীলতার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। হোটেলটির মালিকানাধীন প্রতিষ্ঠান জুমেইরাহ এক বিবৃতিতে জানায়, বহু প্রতীক্ষিত এই সংস্কার কাজ কয়েক ধাপে সম্পন্ন হবে। প্রকল্পটির নেতৃত্ব দেবেন প্যারিসভিত্তিক অভ্যন্তরীণ স্থপতি ট্রিস্টান আউয়ার।
সংস্কার চলাকালীন পুরো হোটেলটি বন্ধ থাকবে এবং যেসব অতিথি আগে থেকেই বুকিং দিয়েছেন, তাদের নিকটবর্তী বিকল্প হোটেলে থাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে ইরান-এর ড্রোন হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষের আঘাতে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি এ হামলার কথা উল্লেখ করা হয়নি, সংশ্লিষ্ট মহল বলছে—মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দুবাইয়ের পর্যটন খাতে বড় ধাক্কা দিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে ইরানের উত্তেজনার পর পুরো অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এর ফলে বিদেশি পর্যটক ও প্রবাসীদের মধ্যে ব্যাপক হারে দেশত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিবেদন বলছে, যুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই দুবাই ও আবুধাবির শেয়ারবাজার থেকে প্রায় ১২০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়ে গেছে এবং বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট।
বিশ্লেষকদের মতে, তেলের দামে লাভবান হলেও সৌদি আরব বা ওমানের তুলনায় পর্যটন ও বাণিজ্যনির্ভর অর্থনীতি হওয়ায় দুবাই সরাসরি ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে এই ১৮ মাসের সংস্কার সময়কে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে পর্যটননির্ভর অর্থনীতি আরও বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: মিডল ইস্ট আই
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন