হরতালের মিছিল শেষে ফেরার পথে উত্তর বিএনপির ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, হরতাল শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মো. আবদুর রশিদকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরে নিয়ে পিটিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে জানতে পেরেছি।
জানা গেছে, বিএনপি নেতা মো. আবদুর রশিদ আদাবর থানার সাবেক যুবদল নেতা ও বর্তমান আদাবর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। তারই ধারাবাহিকতায় সমাবেশ থেকে আজ রোববার হরতালের ঘোষণা দেয় বিএনপি।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন