সরকারি চাকরিজীবীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেল কার্যকরের দাবিতে আন্দোলন জোরদার করছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা জানিয়েছেন, ১৫ মার্চের মধ্যে দাবি বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ না নিলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের দাবি, ২০১৫ সালের ৮ম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হন এবং গত ১১ বছর ধরে তারা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপে রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, কেন্দ্রীয় পর্যায়ে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং রমজান মাসজুড়ে বিভাগীয় শহরে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম পালন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের পে-স্কেল জটিলতার সমাধান করবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন