নবগঠিত সরকার শপথ গ্রহণের পরপরই সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে প্রত্যাবর্তন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি জানান, পুলিশ বাহিনী পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত সেনাবাহিনীর একটি অংশ সহায়ক শক্তি হিসেবে মাঠে সক্রিয় থাকবে। গতকাল সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের অভ্যন্তরে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি অংশ নেন।
নির্বাচনী দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, সংকটময় ও স্পর্শকাতর সময়ে সেনাবাহিনী দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করেছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনকালীন অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করেছে, যা দেশবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।
তিনি আরও বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই সেনাবাহিনী সব সময় দায়িত্ব পালন করে আসছে। বক্তব্যের এক পর্যায়ে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন