শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা কেন্দ্রে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। কেবল সাতটি পূজা কেন্দ্রে ছাড়া বাকি সবগুলো পূজা কেন্দ্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শারদীয় দূর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।
তিনি আরও বলেন, এবার ঢাকা মহানগরীতে ২৪৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষ্যে মণ্ডপে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল, আগামীকাল থেকে ৫ দিনব্যাপী মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীতে বিসর্জন পর্যন্ত পুরো সময় ডিএমপি আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পূজার আয়োজকদের সঙ্গে একাধিকবার আমাদের মিটিং হয়েছে, আশা করি পূজার দিনগুলো আমরা অন্তন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবো।
বিসর্জন প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, আয়োজকদের সঙ্গে আমাদের সমন্বয় সভায় সবাইকে এলার্ট থেকে কাজটি করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন বিসর্জন সম্পন্ন করা যায় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিসর্জনের ঘাটে পুলিশ ও নদীতে নৌ পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন