চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরবান আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও তীব্রতার কারণে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে ব্রিটিশ আমলে কাঠের তৈরি বিপ্লব, বিটু, কপিল, কাজল, বাদল, রাসেদ, জাহেদ, হাসান, মিটু, টিটু, সোহেল চৌধুরী, মঞ্জুর দ্বিতল বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মুক্তিযোদ্ধা রাশেদ মুহাম্মদ জানান, আগুনের ভয়াবহতায় ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়েছে। পরনের কাপড় ছাড়া তাঁদের আর কিছুই অবশিষ্ট নেই।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম কালের কণ্ঠকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ তদারকি করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা ও পুনর্বাসন করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন