গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা প্রথমে কারখানার মূল ফটকে অবস্থান করে।
পরে, তারা পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে আন্দোলন শুরু করে। পুলিশ এসে তাদেরকে (পোশাক শ্রমিক) বুঝিয়ে ওই কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, হানিওয়েল গার্মেন্টস লিঃ কারখানার শ্রমিকরা জিএম এবং এডমিন অফিসারকে অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ গত ২৫ নভেম্বর হতে শ্রম আইন দেখিয়ে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার নোটিশ প্রদান করে।
একইসাথে গত ২৬ নভেম্বর বিভিন্ন সেকশনের মোট ৫৮জন উশৃঙ্খল শ্রমিককে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ।
একাধিক শ্রমিক জানান, কারখানা বন্ধ চাইনা আমরা কাজ করতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি দ্রুত যেন কারখানা খুলে দেয়া হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বলেন, শ্রমিকদের ন্যায় সঙ্গত যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। বেআইনি অযৌক্তিক দাবির প্রতি আমাদের কোন সমর্থন নাই। একই সাথে যেন কোন নিরহ শ্রমিক হয়রানির শিকার না হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, সকালে বন্ধ কারখানার শ্রমিকরা পিএন কম্পোজিট লিমিটেড কারখানার সামনে আসলে তাদের-কে বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, রোববার কলকারখানা অধিদতরে মালিক ও শ্রমিক পক্ষ এক সঙ্গে বসে আলোচনার কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন