রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। আগের মতোই লিভারের জটিলতার পাশাপাশি ফুসফুসের জটিলতা নিয়ে শঙ্কিত তাঁর চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়ার অসুস্থতা, চিকিৎসা ও বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, খালেদা জিয়ার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে। শরীরে ক্যাথেটার লাগানো হয়েছে। আগে যেখানে দু-তিন দিন পরপর পানি বের করা লাগত, এখন প্রতিদিনই পানি বের করতে হচ্ছে। কেবিনে গতকাল মঙ্গলবার তাঁকে আলট্রাসনোগ্রাম করানো হয়েছে। শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। লিভার সিরোসিসের সঙ্গে কিডনির জটিলতাও বাড়ছে।
গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন