বিএনপির কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই-আগস্টে এতগুলো লোক মারা গেছে, ছাত্র-জনতার বিশাল বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হলো। এখনও কি থানায় ঘুষ বন্ধ হয়েছে? এখনও কি কোনো অফিসে ঘুষ বন্ধ হয়েছে? হয়নি। তাহলে আমাদের কি লাভ হলো?
শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
আশরাফ উদ্দিন নিজান বলেন, এভাবে কি আমরা বারবার রক্ত দিব? আমার মা তার সন্তান হারাবে, আমার বোন বিধবা হবে? আমার বাচ্চা ছেলেটা তার ঠিকানা পাবে না?
তিনি বলেন, বারবার সরকার পরিবর্তন হবে। আমরা কেউ কেউ ধনী হয়ে যাব, কেউ মাস্তান হয়ে যাব। আর যারা জীবন দিবে-তাদের কোনো পরিবর্তন হবে না।
আমার নেতা তারেক রহমান এরকম বাংলাদেশ চায় না, এরকম ক্ষমতাও চায় না।
নিজান আরও বলেন, দেশের ৫২ শতাংশ হলো নারী। এই নারীদের অধিকার ও সম্মান ফিরিয়ে দিতে তারক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। মা-বোনদের জন্য সরকার ভিজিডি কার্ড, বিধবা কার্ড, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রেখেছে।
কিন্তু আপনারা তা পাননি। কারণ কি? তা হলো অফিসে ঘুষ দিতে হয়। তাও আগে অগ্রিম দিয়েও আপনারা এই কার্ডগুলো পাচ্ছেন না। এজন্য তারেক রহমান ঘোষণা করেছে-বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে মা-বোনদের জন্য ফ্যামিলি ও স্বাস্থ্য কার্ড চালু করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন