টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, একটি বড় কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বটগাছে ধাক্কা লাগে।
এতে চালক রাশেদ মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা (মধুপুর) হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি থানার পাশে গাছে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন