বরগুনার বেতাগী উপজেলায় একই বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার পর ইউনিয়নের ঝোপখালী গ্রামে ঘটনাটি ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, বেতাগী উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছোট ঝোপখালী গ্রামের প্যাদাবাড়িতে রাতে চোরের দল মোট ৭টি গরু চুরি করে নিয়ে যায়।
এর মধ্যে বেল্লাল প্যাদার ৪টি গরু ও রহমান প্যাদার ৩টি গরু চুরি হয়েছে । চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকারও বেশি।
ক্ষতিগ্রস্ত কৃষক বেল্লাল প্যাদা বলেন, ‘ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজা খোলা, ৪ গরু নাই। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
আমরা এখন নিঃস্ব।’
আব্দুর রহমান প্যাদা বলেন, ‘আমার গরুঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।’
পরপর গরু চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পাশাপাশি রাতের বেলায় টহল বাড়ানো ও গ্রামভিত্তিক পাহারা সংগঠনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, গরু চুরির ঘটনাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। একাধিক দল মাঠে কাজ করছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন