ঝিনাইদহের মহেশপুরে চলছিল নারী ফুটবল ম্যাচ। খেলা চলাকালে দর্শকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কিছু উত্তেজিত দর্শক মাঠের মধ্যে চলে আসেন। ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে পণ্ড হয় ম্যাচটি। এ সময় খেলোয়াড়সহ তিনজন আহত হন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুব সংঘের আয়োজনে প্রীতি নারী ফুটবল ম্যাচে এ ঘটনা ঘটে।
খেলায় অংশ নেন ঢাকা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও সপ্না অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠের দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে পড়েন। এতে দুইজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন। খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন