মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন। এ ছাড়াও ক্ষমতায় এলে বিএনপি আবাসিক এলাকায় শিল্পায়নসহ সমন্বয়হীনতার ঘাটতি পূরণে কাজ করবে।
প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চারতলা ভবনের আর এন ফ্যাশন নামে পোশাক কারখানা ও পাশের শাহ আলমের রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি এখনো চলমান।
পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে কার্যক্রম করছি।
’
আগুনে নেভানোর চেষ্টার মধ্যে বিকাল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম ৯ মরদেহ উদ্ধারের কথা জানান। এরপর সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন