লিওনেল মেসি, ২০২২ সালের পর প্রথমবারের মতো পেনাল্টি মিস করার পর পরবর্তী ম্যাচেই সেই প্রতিদান দিয়ে ইন্টার মিয়ামিকে জয়ের মুখ দেখিয়েছেন। মেসির গোল ও অ্যাসিস্টে মঙ্গলবার রাতে মেজর লিগ সকারে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মিয়ামি।
ম্যাচের শুরুতেই মেসি তার সতীর্থ জর্দি আলবার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় গোলের সূচনা করেন। ১২তম মিনিটে মেসির বাইরের পা দিয়ে করা পাস থেকে আলবা গোল করে মিয়ামিকে ১-০ তে এগিয়ে নেন। ৪১তম মিনিটে আবারও আলবা মেসিকে পাস দেন এবং মেসি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এর আগে ২৮তম মিনিটে মেসির আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসে, যা তাকে গোল করার সুযোগ থেকে বঞ্চিত করে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগো ডি পলের কর্নার থেকে ইয়ান ফ্রে মাথায় হেড করে তৃতীয় গোলটি করেন, যা মিয়ামির লিড আরও বাড়িয়ে দেয়। ৬৯তম মিনিটে সিয়াটলের জন্য একমাত্র গোলটি করেন মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস, যা তাদের সান্ত্বনার গোল হয়।
ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেন, “লিগস কাপ ফাইনালে হারের পর এই জয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।” তিনি আরও যোগ করেন, “দুটি ম্যাচ হারার পর অনেকেই ভেবেছিলো যে সব কিছু শেষ হয়ে গেছে, তবে আমি খেলোয়াড়দের বলেছি, এই চাপই আমাদের আরও শক্তিশালী করে তুলবে। এখন থেকে প্রতিটি ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতো।”
এছাড়া, লুইস সুয়ারেজ এখনও এমএলএসে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন, যার কারণে এই ম্যাচেও তাকে ছাড়াই মাঠে নামতে হয় ইন্টার মিয়ামিকে। তবে, মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস অল্ড বয়েজ থেকে আসা নতুন সাইনিং মাতেও সিলভেটি এই ম্যাচে অভিষেক করেছেন।
এখন ইন্টার মিয়ামি তাদের পরবর্তী ম্যাচে শনিবার ডি সি ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে, আর সিয়াটল সাউন্ডার্স রোববার অস্টিন এফসির বিপক্ষে খেলবে।