বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৭টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে। রপ্তানি কার্যক্রমে কিছু শর্ত আরোপ করা হয়েছে।
শর্তগুলো হলো:
- রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে।
- অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
- শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
- পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণের পরিপূর্ণ তথ্য প্রমাণক দাখিল করতে হবে।
- অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।
- প্রতিটি পণ্যচালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে নিশ্চিত করবেন যাতে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না হয়।
- এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়, এবং অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে অন্য কোনো প্রতিষ্ঠানে Sub-Contract প্রদান করতে পারবেন না।
- সরকার প্রয়োজনে যেকোনো সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
এ অনুমতির মাধ্যমে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির সুযোগ প্রদান করেছে, তবে যথাযথ নিয়ম এবং শর্ত মেনে এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে হবে।