পিরোজপুরের নাজিরপুরে অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রুবেল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ভোররাতে এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. রুবেল শেখকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।
গ্রেফতার হওয়া মো: রুবেল শেখ (২৬) নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া এলাকার সালাম শেখের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে রুবেল শেখ সহযোগীদের নিয়ে ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২৬ আগস্ট র্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে রুবেল শেখকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ভিকটিম কিশোরীকে।
মামলার তদন্ত কর্মকর্তারা জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষা, বয়স নির্ধারণ এবং অন্তঃসত্ত্বা কিনা তা নিশ্চিত করার জন্য আদালতের মাধ্যমে সিভিল সার্জনের নিকট আবেদন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।
নাজিরপুর থানার ওসি তদন্ত শেখ হেলাল উদ্দিন জানান, আদালতের মাধ্যমে ভিকটিম কে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিকে আজ ভোররাতে গ্রেফতার করে নাজিরপুর থানায় আনা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।