রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ

শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে তিন মামলায় ৭ জনের সাক্ষ্য

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিন মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।


মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। তবে এই মামলায় আসামিরা পলাতক থাকায় সাক্ষিদের জেরা হয়নি।


৭ জন সাক্ষী হলেন, রাজউকের উপপরিচালক মো. মাহবুবুর রহমান, সহকারী পরিচালক উল্লাস চৌধুরী, সহকারী পরিচালক অসীম শীল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান, দুদকের সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মন, দুদকের সহকারী পরিচালক সৌরভ দাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী শফিকুল ইসলাম।


দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) এতথ্য নিশ্চিত করেন৷ তিনি বলেন, সাত জন সাক্ষি পৃথক তিন মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদের মধ্যে শেখ হাসিনা ও পুতুলের দুই মামলায় ছয় জন করে এবং জয়ের মামলায় পাঁচজন সাক্ষ্য দেন। আগামী ২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।


এর আগে, গত ১১ আগস্ট প্রথম দিনে তিন মামলার পৃথক তিন বাদীরা আদালতে সাক্ষ্য দেন।


গত ৩১ জুলাই এই মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ-১৮ জনকে আসামি করা হয়েছে।


গত ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ আদালতে তিনটি করে মোট ছয়টি মামলা বিচারের জন্য পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।


মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।


প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯