জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার (আগস্ট ৩০ ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে গতকাল ঘণ্টাব্যাপী বৈঠক করে ইউএস চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উচ্চপর্যায়ের ৪০ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদারত্বকে আরো গতিশীল করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কাশ্যপ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন নিয়ে মার্কিন ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ নেই। সরাসরি বিনিয়োগ করার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের এ পরিসর বাড়াতে আগ্রহী। তারা জ্বালানি, অ্যারো-স্পেস, ডিজিটাল ইকোনমি, স্বাস্থ্য খাতসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তালিকায় আছে বিশ্বের সবচেয়ে বড় ইকুইটি কোম্পানিব্ল্যাক স্টোন, প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি, শেভরন, এক্সনমবিল, উড়োজাহাজ কোম্পানি বোয়িং।
সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে স্বতঃস্ফূর্ত বিনিয়োগে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা কোনো ধরনের ঝুঁকি দেখছেন না। বরং বাংলাদেশের সম্ভাবনায় আশাবাদী তারা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সংশয় থাকলে নির্বাচনের আগে এত বড় ব্যবসায়ী প্রতিনিধি দল আসত না। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষকে যেন আর বিদেশ যেতে না হয়, সেভাবেই স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা। আমেরিকান জায়ান্ট প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো এখানে অনেক বিনিয়োগ করেছে। তারা আরো আগ্রহী।’
মার্কিন ব্যবসায়ীরা বলছেন, আমরা যে স্মার্ট বাংলাদেশ করতে চাই সেখানে তাদের অনেক সুযোগ আছে। তারা মনে করে বাংলাদেশে সম্ভাবনাটা খুবই ভালো। তাই মার্কিন কোম্পানিগুলো এখানে অনেক বিনিয়োগ করতে চায়।