ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ও কারাভোগের পর ৫ বাংলাদেশি নাগরিককে ফেনী সীমান্ত দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করেছে

৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪০ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪০ সময়

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ও কারাভোগের পর ৫ বাংলাদেশি নাগরিককে ফেনী সীমান্ত দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।


সোমবার (২৫ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদেরকে ফেনী মডেল থানায় সোপর্দ করে। মঙ্গলবার (২৬ আগস্ট) এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিজিবি।


হস্তান্তর হওয়া বাংলাদেশীরা হলেন—ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগা জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)। কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন বাংলাদেশি এই নাগরিকরা।


পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে গত ১২ এপ্রিল ভারতের মনুমুখ সীমান্ত এলাকায় আটক করে দেশটির পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা ৩ মাস কারাভোগ শেষে মুক্তি পান। এরপর ১৬ আগস্ট পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার পর বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। অপরজন আবুল বাশার গত ৯ জুন ভারতের উদয়পুরে আটক হন এবং ১ মাস কারাভোগ শেষে ফেরত পাঠানো হয়।


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ বাংলাদেশী নাগরিক থানায় সোপর্দ হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই চলছে। স্বজনদের সাথেও যোগাযোগের চেষ্টা করছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে ৪ দফায় বিএসএফ কর্তৃক ৬৭ বাংলাদেশীকে আইনবহির্ভূতভাবে পুশইনের ঘটনা ঘটে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। সমালোচনার পর এবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯