ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানকে বহাল রাখা ও বদলির আদেশ প্রত্যাহারের

এসিল্যান্ড'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময়

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানকে বহাল রাখা ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে এলাকাবাসী।


শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় থানার সামনের সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন।


বক্তারা বলেন, সৎ, সাহসী, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী অফিসার হিসেবে এসিল্যান্ড মেহেদী হাসান বোরহানউদ্দিনে জনবান্ধব ভূমিকা রেখে আসছেন। তাই তাঁর বদলির আদেশ বাতিল করে বর্তমান কর্মস্থলেই বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের ভোলা জেলা সাধারণ সম্পাদক পরাণ আহসান, সহকারী অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার আহম্মদউল্যাহ, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সুজন নেতা ও কলেজ প্রভাষক নাছির পাটওয়ারী, ইমাম অধ্যক্ষ মাওলানা ইউছুফ শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মইন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, মিজানুর রহমান, হানিফ, দিলীপ কুমার প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ আলী বিশ্বাস।


এ সময় বক্তারা আরও জানান, আগামীকাল রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।


উল্লেখ্য, মো. মেহেদী হাসান গত বছরের ২৪ জুলাই বোরহানউদ্দিনে যোগদানের পর থেকে দুর্নীতি দমন, ভূমি অফিস দালালমুক্তকরণ, সাপ্তাহিক জবাবদিহি উদ্যোগ, বালু উত্তোলন প্রতিরোধ, কৃষকের খাস জমি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ, পরিবেশ রক্ষায় কর্নার স্থাপনসহ বহু উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি পৌর প্রশাসক হিসেবে শহরে ডাস্টবিন বসানো, অবৈধ টোল বন্ধ, সিসি ক্যামেরা স্থাপন, মাদক ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেন তিনি।


তাঁর এমন কর্মকাণ্ডের কারণে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বোরহানউদ্দিনে হাজারো মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯