কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে। তাই ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। ৮১ স্কোর নিয়ে বিশ্বের ১২৫ দেশের দূষিত বায়ুর মানের তালিকায় ঢাকার অবস্থান ১৫ তম। ১৫৫ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকে এ তথ্য পাওয়া যায়।
এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাহরাইনের মানামা। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর। তালিকায় ১৫২ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। ১২২ স্কোরে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি ও ১১৪ স্কোরে উগান্ডার কাম্পালা শহর পঞ্চম অবস্থানে উঠে এসেছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।