টানা ১৩ ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী-রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন (বগি) লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে রহনপুর স্টেশনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত হওয়া ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে আমনুরা পাওয়ার প্লান্টে যাচ্ছিল। ওই ট্রেনে ৩০টি তেলবাহী ওয়াগন ছিল। ট্রেনটির ইঞ্জিন পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে গোমস্তাপুর উপজেলার রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রাত ৯টার দিকে এসে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।