ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতি মারা গেছেন। কারাগারে মোহাম্মদ সোহেল আহমেদ (৩৮) নামে ওই হাজতি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
রোববার (১৭ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে।
কারারক্ষী সাইমন জানান, সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহলে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সোহেল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া এলাকার মো. করিম উদ্দীনের সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।