বিএনপি ক্ষমতায় আসলে দেশকে বিড়ম্বনা ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় সিরডাপের এটিএম শামসুল হক মিলনায়তনে আগস্ট ট্র্যাজেডি, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসতে হবে। শেখ হাসিনা দেশকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
আনিসুল হক আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পিছনের মূল খলনায়ক ছিলেন জিয়াউর রহমান। খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদেরকে নিয়ে রাষ্ট্র গঠন করে যারা আইয়ুব খানের শাসনামলে মন্ত্রী ছিলেন। আমার প্রশ্ন হলো জিয়াউর রহমান কি বাংলাদেশে আর মানুষ খুঁজে পায় নি? এরপর যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তিনি তাদেরকে দেশের উচ্চ পর্যায়ে দায়িত্ব দিয়েছেন। এটা থেকে প্রমাণিত বঙ্গবন্ধুর হত্যার মূল খলনায়ক জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছেন।
বলেন, জিয়াউর রহমানকে অনেক অনুরোধ করার পরেও তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার করেননি। এরপর ২০০৪ সালের ২১ শে আগস্ট তারেক রহমান ও খালেদা জিয়াসহ শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছিলেন। তারা ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। বিএনপি স্বাধীনতা বিরোধী। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার খুনিদের শাস্তি দিয়েছেন। এখনো কিছু খুনি দেশের বাহিরে পলাতক আছেন। তাদেরকেও শাস্তি দেওয়া হবে।