সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ‘ওয়ার ২’-এর অফিসিয়াল ট্রেলার। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি হিসেবে মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্র, যেখানে হৃতিক রোশন ফিরেছেন ‘কবির’ চরিত্রে, এবার আরও শক্তিশালী ও ভয়ংকর রূপে।
২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটিতে হৃতিকের চরিত্রে দেখা গেছে দেশপ্রেম, প্রেম ও প্রতিশোধের দুর্দান্ত সংমিশ্রণ। ট্রেলারে রয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও কিয়ারা আদবানিও, যাদের সঙ্গে হৃতিকের টানটান মুখোমুখি সংঘর্ষ স্পষ্টভাবে ফুটে উঠেছে ছয়টি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে।
It will not be easy to take sides in this War. #War2Trailer is out!#War2 releasing in Hindi, Telugu & Tamil on August 14th in cinemas worldwide! @tarak9999 | @advani_kiara |#AyanMukerji |@yrf #YRFSpyUniversepic.twitter.com/x6z6jTSjCw
— Hrithik Roshan (@iHrithik) July 25, 2025
‘ওয়ার’ (২০১৯) সিনেমার শহীদ ক্যাপ্টেন খালিদ রহমানির (টাইগার শ্রফ) প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হৃতিকের চরিত্র কবিরের মধ্যে একটি আবেগঘন পুনঃসংযোগ গড়ে উঠেছে। এবার তার চরিত্রে রয়েছে আরও গভীরতা, রহস্য, এবং চমক।
পরিচালক অয়ন মুখার্জির পরিচালনায় এই সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করছেন হৃতিক, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদবানি। চিত্রনাট্য লিখেছেন আদিত্য চোপড়া এবং শক্তিশালী সংলাপ লিখেছেন আব্বাস টাইরেওয়ালা। অ্যাকশন পরিচালনায় রয়েছেন স্পিরো রাজাটোস, ফ্রানজ স্পিলহাউস, অনল আরাসু, ও সানিল রডরিগেজসহ একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় অ্যাকশন বিশেষজ্ঞ।
‘ওয়ার ২’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল, এবং কবির চরিত্রটি ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।
ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রশংসার ঝড়। একজন ব্যবহারকারী লেখেন, “স্ক্রিন এতটা শক্তি ধারণ করতে পারছে না! দুই দানব, এক যুদ্ধ... সিনেমা ইতিহাস রচিত হতে চলেছে।”
আরেকজন বলেন, “এটি ব্লকবাস্টার হতে চলেছে, মনে হচ্ছে কোনো হলিউড সিনেমা! বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করছি।”