চুয়াডাঙ্গার বিতর্কিত সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) তদন্ত কমিটির সদস্যরা তার ব্যক্তিগত ক্লিনিক ‘ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশালাইজড’ পরিদর্শন করেছেন।
তদন্ত কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মান্নান জানিয়েছেন, ডা. হাদীর বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে যাচাই করে দেখা হবে। বৃহস্পতিবার থেকে তারা চুয়াডাঙ্গায় পূর্ণাঙ্গভাবে সরেজমিন তদন্ত শুরু করবেন।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশন যমুনা টিভি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ডা. হাদীর বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, ২০২৪ সালে আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় তিনি অবৈধভাবে তার ব্যক্তিগত ক্লিনিক চালু করেন এবং সরকারি হাসপাতালের রোগীদের সেখানে পাঠাতেন।
এরপর একই বছরের ৫ আগস্ট তাকে চুয়াডাঙ্গার সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া, চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি ওই পরীক্ষার ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন।
চলমান তদন্তের ফলাফলের ভিত্তিতে ডা. হাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।