আগামী আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ নিম্নআয়ের পরিবার মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবে মাত্র ১৫ টাকা কেজি দরে। নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, খাদ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে ৪ লাখ টন চাল এবং ৮ লাখ টন গম কেনা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব খাদ্যশস্যের মূল্য নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, বেসরকারি পর্যায়ে অতিরিক্ত ৫ লাখ টন চাল আমদানি করা হবে। বর্তমানে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক—এ মুহূর্তে মোট সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।
উপদেষ্টা জানান, দেশের ভোক্তাদের সহায়তা করতে সারাদেশে ৫৫ লাখ পরিবারের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। এর মূল্য নির্ধারিত হয়েছে ১৫ টাকা কেজি।
এদিন বৈঠকের আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, দেশি-বিদেশি সব বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনার জন্য আইনি সহায়তা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া তিনি জানান, গণভবনে স্থাপিতব্য "জুলাই স্মৃতি জাদুঘর"-এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও অনুমোদন দেওয়া হয়েছে।