সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের বিলাসবহুল জীবনযাত্রার ছবি ভাইরাল হওয়ার পর ব্যাপক গণবিক্ষোভ ও দুর্নীতিবিরোধী তদন্তের মুখে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার

ছেলের বিলাসী জীবন, ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১১:৪৬ সময় , আপডেট সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের বিলাসবহুল জীবনযাত্রার ছবি ভাইরাল হওয়ার পর ব্যাপক গণবিক্ষোভ ও দুর্নীতিবিরোধী তদন্তের মুখে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসাননামসরাইন ওইয়ুন-এর্ডেন।

মঙ্গলবার (৩ জুন) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থাভোটে পরাজিত হয়ে পদ ছাড়েন তিনি। ১২৬ আসনের সংসদে ক্ষমতায় থাকতে প্রয়োজন ছিল কমপক্ষে ৬৪ জন সদস্যের সমর্থন, কিন্তু ভোটে তিনি পান ৪৪টি ভোট। তার বিপক্ষে ভোট দেন ৩৮ জন এমপি।

ভোটে হেরে যাওয়ার পর এক বিবৃতিতে ওইয়ুন-এর্ডেন জানান, "মহামারি, যুদ্ধ ও বৈশ্বিক সংকটের মতো কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।"

প্রধানমন্ত্রীর পদত্যাগের পেছনে মূলত ট্রিগার হয়ে দাঁড়ায় একটি ভাইরাল ছবি, যেখানে দেখা যায় তার ছেলের বান্ধবী দামি ব্র্যান্ডের (ডিওর) ব্যাগসহ একাধিক বিলাসবহুল পণ্য হাতে নিয়ে ‘হ্যাপি বার্থডে টু মি’ ক্যাপশন সহ ছবি পোস্ট করেছেন। আরেক ছবিতে ওই যুগলকে একটি সুইমিং পুলে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

ছবিগুলো ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, যেখানে প্রধানমন্ত্রীর পরিবারের সম্পদ ও ব্যয়ের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয়। ঘটনায় দুর্নীতিবিরোধী সংস্থা একটি তদন্তও শুরু করে। যদিও ওইয়ুন-এর্ডেন সব অভিযোগ অস্বীকার করে এটিকে ‘ষড়যন্ত্রমূলক প্রচারণা’ বলে দাবি করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, তার শাসনামলে দেশে দুর্নীতির পরিস্থিতির অবনতি হয়েছে। ২০২৪ সালের দুর্নীতি সূচকে ১৮০টি দেশের মধ্যে মঙ্গোলিয়ার অবস্থান ছিল ১১৪তম।

মঙ্গোলিয়া ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করে। বর্তমানে দেশটি রাশিয়া ও চীনের মাঝে অবস্থান করলেও পশ্চিমা দেশগুলোকে ‘তৃতীয় প্রতিবেশী’ হিসেবে গুরুত্ব দিচ্ছে এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯