গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তারা জানিয়েছে, যুদ্ধ বন্ধের জন্য গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় তারা। তবে হামাসের এমন অবস্থানকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।
হামাস শনিবার এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ও ১৮ জন মৃত ইসরায়েলি জিম্মিকে ফেরত দিতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রস্তাবের লক্ষ্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করা।
যদিও যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সরাসরি কোনো সংশোধনী উল্লেখ করেনি হামাস, একটি ফিলিস্তিনি সূত্র জানায়, তারা কিছু পরিবর্তনের সুপারিশ করেছে। তবে সামগ্রিকভাবে প্রতিক্রিয়া ইতিবাচক।
হোয়াইট হাউসের পক্ষ থেকেও বলা হয়েছে, হামাস তাদের কিছু আপত্তি তুলেছে এবং পূর্বের অবস্থান অনুযায়ী, তারা স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার অবাধ প্রবাহের ওপর গুরুত্ব দিয়েছে।
হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধ থামার বিষয়টি নিশ্চিত নয়। তবে মার্কিন দূত স্টিভ উইটকফের সাম্প্রতিক প্রস্তাবে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
অন্যদিকে, উইটকফ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হামাসের উচিত আলোচনার ভিত্তি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা, যাতে দ্রুত চুক্তির প্রক্রিয়া শুরু করা যায়।