আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু, খাসি ও বকরির লবণযুক্ত কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ টাকা বেশি।
সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকায় খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ঢাকায় গরুর একটি চামড়ার মূল্য সর্বনিম্ন ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকার নিচে কেনা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা ছিল। খাসির চামড়ার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা।