প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ছেন না বলে সুস্পষ্ট বার্তা দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, এবং তিনি এমন কিছু বলেনওনি। তিনি তাঁর অবস্থানে অটল রয়েছেন। আমাদের কাঁধে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা ফেলে আমরা সরে যেতে পারি না।”
শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, “আমরা যে দায়িত্ব পালন করছি, তার পথে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে — বিষয়টি আমরা সকলে চিহ্নিত করেছি। এখন আমাদের করণীয় হলো এই প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করে আমাদের ওপর ন্যস্ত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা।”
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সরকারের ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।