বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলীয় কর্মীদের উদ্দেশে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “বার্তা একটাই—প্রয়োজনে যত সময়ই লাগুক, রাজপথ ছেড়ে সরা যাবে না।”
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর দাবিতে করা একটি রিট আবেদনের শুনানি একদিন পিছিয়ে বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ দিন পুনর্নির্ধারণ করেন।
প্রসঙ্গত, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে সম্প্রতি নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে ধারাবাহিক অবস্থান কর্মসূচি চলছে। আজও সেখানে উপস্থিত থেকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।