আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বহাল থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট প্রকাশের পরই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১১ মে) সকালে গণমাধ্যমকে তিনি জানান, সরকার কর্তৃক ঘোষণা করা গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে। আলোচনার পরেই দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সিইসি বলেন, "আমাদের সিদ্ধান্ত হতে হবে দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের প্রত্যাশা বিবেচনায় রেখে। গেজেট আজই প্রকাশ হলে, কমিশন আজই বিষয়টি নিয়ে বসবে এবং আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।"
এর আগে, গত বছরের জুলাই-অগাস্ট মাসে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ মে মধ্যরাতে দলটির সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের থাইল্যান্ডে গমনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন করে মাঠে সক্রিয় হয়। তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন একত্রিত হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধসহ তিন দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করে।
শনিবার রাতে এই আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী সোমবার (১২ মে) এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।
এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে।