রাজধানীসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল (শনিবার) রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মধ্যরাতে কিছুটা বিরতি দিলেও ভোর থেকেই রাজধানীতে মুষলধারে শুরু হয় বৃষ্টিপাত। বঙ্গপোসাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। এর সঙ্গে হচ্ছে বজ্রপাতও। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েক দিন।
বৃষ্টির মধ্যে রাজধানীর মহাসড়কগুলো দেখা যায় যানজট। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দির চেয়েও এখন মানুষের আতঙ্ক ডেঙ্গু নিয়ে। জমাট পানিতে এডিস জন্মানোর শঙ্কা এখন ঘরে ঘরে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এই পূর্বাভাসের পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামন্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার বিষয়ে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।