কাতার প্রবাসী এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং তার কাছ থেকে দুইলাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় যশোর আদালতে দেয়া অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে কোতয়ালি থানা পুলিশ। গত ৬ জুন যশোর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হলে বৃহস্পতিবার (২৭ জুন) মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। আসামি হলো, যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার নবী নুর ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া শাহাদৎ হোসেনের ছেলে রাসেল।
ওই প্রবাসীর অভিযোগ, তিনি যশোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ২০২১ সালে কাতার গিয়ে এক বছর চাকরি করে টাকা পয়সা নিয়ে দেশে ফিরে আসেন। আসামি রাসেল তাদের পূর্বপরিচিত এবং দূঃসম্পর্কের আত্মীয় হয়। বিদেশ থেকে আসার পরে তার খোঁজখবর নেয় রাসেল। এভাবে কিছুদিন পর রাসেল তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বিয়ে না হলেও দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মাস ধরে তাকে বিয়ে করবে বলে বিভিন্ন সময় এবং বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে রাসেল। তাছাড়া বিভিন্ন সময় রাসেল তার কাছ থেকে দুইলাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক করার ফলে বারবার রাসেলকে বিয়ের প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি হননি।
সর্বশেষ গত ২৪ জুন বিকেল ৫টার দিকে রাসেল তার পিতার বাড়িতে যায়। এ সময় সেখানেও তাকে ধর্ষণ করে। কিন্তু ওই সময় আশপাশের লোকজনের উপস্থিতিতে রাসেলকে বিয়ের জন্য বলা হলেও তিনি কোনো গুরুত্ব দেননি। এ সময় তার কাছে পাওনা দুইলাখ টাকাও ফেরৎ দিতে পারবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মীমাংশার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ফলে এই ব্যাপারে কোতায়ালি থানায় গেলে মামলা নিতে অনিহা প্রকাশ করে পুলিশ। ফলে বাধ্য হয়ে তিনি গত ৬ জুন আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করে পুলিশ।