কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকার কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এসময় নগরীর ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম তুহিন এবং ছাত্রদল কর্মী অন্তর গুলিবিদ্ধ হন। এছাড়াও সংঘর্ষে সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, দলের অভ্যন্তরে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর রামঘাটলা পৌর মার্কেটের সামনে বিএনপি'র আবু এবং টিপু গ্রুপের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। এতে উভয় গ্রুপের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ঈশ্বরপাঠশালা গেইট পর্যন্ত ১০/১২ রাউন্ড গুলি ছুড়ে। এরপর তারা অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে মহানগর বিএনপি'র আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, বিএনপির দলের অভ্যন্তরে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়িতরা মহানগর বিএনপি'র আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থক বলে জানতে পেরেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অস্ত্রবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অরাজকতায় জড়িতদেরকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন এ বিষয়ে কোন গ্রুপের পক্ষ থেকে অভিযোগ পাইনি।