রাজধানীর গাবতলীতে সড়ক দূর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম (৪৫) নিহত হয়েছেন। সেই প্রতিবাদে গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে আছে সব ধরনের পরিবহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আমেনা বেগম নামের ৪৫ বছর বয়সী ওই নারী তার স্বামী মো. আবদুল করিমের সঙ্গে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় থাকতেন। দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট।
পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ঝুঁকিভাতাসহ তাদের দাবিদাওয়া মেনে নিতে হবে। সেই ঘোষণা পাওয়ার আগে তারা অবরোধ চালিয়ে যাবেন।
পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান বলেন, "খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক অবরোধ করেছিল। তাদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক থেকে উঠে গেছে। যান চলাচল শুরু হয়েছে।"