সবাইকে সঙ্গে নিয়েই স্মার্ট ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মেয়র ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটি নির্বাচনে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের সবগুলোতেই জয়ী হয়েছেন তিনি। ফলাফলে ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে ১ লাখ ৩ হাজার ৮৪১ ভোটের ব্যবধানে আবারও জয় পেয়েছেন তিনি।
বিজয়ী হওয়ার পর শনিবার (৯ মার্চ) রাতে তিনি বলেন, এই বিশাল বিজয় নগরবাসীর বিজয়। নগরবাসীকে সঙ্গে নিয়েই স্মার্ট ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে চাই।
তিনি বলেন, নিঃসন্দেহে এটি একটি ভিন্ন ধরনের অনুভূতি। তবে আমার এই বিশাল প্রাপ্তি সম্মানিত নাগরিকদের উৎসর্গ করতে চাই। তাদের দোয়া ও ভালোবাসায় আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি। সুতরাং আজকের এই দিনে তাদের প্রতি আমার প্রতিশ্রুতি থাকবে যে, আমি সর্বোচ্চ উজাড় করে দিয়ে তাদের পাশে থাকব এবং তাদের সেবাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব। সকলের সহযোগিতা নিয়েই সমৃদ্ধ ময়মনসিংহ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।
আগামীতে স্মার্ট নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করে মসিকের পুনরায় নির্বাচিত এই মেয়র বলেন, নির্বাচনী ইশতেহারে আমি যে ২৩টি প্রতিশ্রুতি দিয়েছি, এর বাইরেও অনেক কিছুই রয়েছে। তবে এই পয়েন্টগুলো বেজ করে যেন নগরটিকে ঢেলে সাজাতে পারি সেজন্য সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাব। সেই সঙ্গে নগরবাসীর প্রত্যাশা পূরণে তাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে নগরটিকে এগিয়ে নিয়ে যেতে চাই।