জানুয়ারি মাস পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে দেশের ছয়টি গ্যাস কোম্পানির মোট ২৫ হাজার ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বকেয়া বিল দ্রুত সংগ্রহ করার উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সময় মতো বিল না দিলে সরকারি প্রতিষ্ঠানেরও গ্যাসের লাইন কেটে দেওয়া উচিত।
প্রতিমন্ত্রী বুধবার বিকেলে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেড- কেজিডিসিএল অধিভূক্ত এলাকায় প্রি পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের অনুমোদিত স্থান ছাড়া গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে না। একই সাথে অপরিকল্পিত কানেকশন থাকলে সেগুলো বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি বলেন, চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অন্যান্যর মধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও কর্ণফুলী গ্যাস ডিস্টিটিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাকলাইন উপস্থিত ছিলেন।